ঝালকাঠির রাজাপুরে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে মো. আদিব নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও ইজিবাইকচালক আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আদিব (১০) উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাহরাইনপ্রবাসী মো. রিয়াজ বিশ্বাসের ছেলে। আহতরা হলেন আদিবের মা নিশাত সুলতানা (৩০) ও ইজিবাইকচালক মো. হেমায়েত তালুকদার (৪৫)।
স্থানিয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইজিবাইকটি রাজাপুর থেকে দক্ষিণ তারাবুনিয়া যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে উল্টে পড়ে। এতে চালকসহ তিনজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আদিবকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
