কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চারজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে। এর আগে শনিবার সকালে সীমান্ত এলাকায় এক বাংলাদেশি কৃষককে লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরের দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত দিয়ে চারজন ভারতীয় নাগরিককে (দুজন পুরুষ ও দুজন নারী) নদীপথে জোরপূর্বক বাংলাদেশে পাঠায় বিএসএফ। পরে তারা নৌকায় করে মুন্সিগঞ্জ সীমান্তে পৌঁছালে স্থানীয় জনতা ও বিজিবির টহল দল বিষয়টি টের পায়। বিজিবি সদস্যরা তাৎক্ষণিক দৃঢ় অবস্থান নিয়ে চার ভারতীয় নাগরিককে মাথাভাঙ্গা নদী পার করে সীমান্ত পিলার ১৫৩/৯-এস হতে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য করেন। এরপর বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা তাদের সেখান থেকে ফেরত নিয়ে যায়।
এর আগে শনিবার সকালে প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে নিজ খেতে কাজ করার সময় সাহাজুল (৩০) নামে এক বাংলাদেশি কৃষককে লক্ষ্য করে বিনা উসকানিতে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। ঘটনা টের পেয়ে জামালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা পাল্টা জবাব হিসেবে গুলি ছুড়লে সীমান্তে তীব্র উত্তেজনা তৈরি হয়। পরে বিজিবির প্রতিবাদের মুখে বিএসএফ তাদের ভুল স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করে। সীমান্তে একের পর এক অনাকাক্সিক্ষত ঘটনা ও পুশইনের অপচেষ্টা প্রতিহত করার পর ওই এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে তারা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে বাধ্য হয়। সীমান্তে বিএসএফের যেকোনো ধরনের অবৈধ তৎপরতা রুখতে বিজিবি সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে।