শরৎকালে শুরু হয় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুষ্টের দমন আর শিষ্টের পালনের চিরন্তন বার্তা নিয়ে দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘটে। শিল্পীর নিপুণ আঁচড়ে গড়া প্রতিমা আর মণ্ডপে মণ্ডপে ঢাকের আওয়াজ চারপাশকে মুখর করে তোলে। বিশেষ করে ছোটদের উচ্ছ্বাস থাকে সবচেয়ে বাঁধভাঙা। এই শারদোৎসব কেবল পূজার আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং নতুন পোশাকের উল্লাস, মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো এবং ভেদাভেদের দেয়াল ভেঙে সবাইকে একই সুতোয় বেঁধে ফেলার এক দারুণ উপলক্ষ।
কিন্তু সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষের কাছে নতুন কাপড় কেনা প্রায়ই অধরা এক স্বপ্ন। এ ধরনের মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে বিগত বছরগুলোর মতো সিলেট বন্ধুসভা এবারও আয়োজন করেছে ‘রঙিন সুতায় শারদ উৎসব’।

১৫ অক্টোবর সিলেটের জৈন্তাপুর এলাকায় পশ্চিমচটি গ্রামে রামকৃষ্ণ মন্দিরে পাত্র সম্প্রদায়ের বিভিন্ন বয়সের অর্ধশত শিশু-কিশোরদের মধ্যে নতুন জামা বিতরণ করেছেন সিলেট বন্ধুসভার সদস্যরা। নতুন জামা পেয়ে বাচ্চারা খুশিতে মেতে ওঠে। পার্থ নামের এক শিশু বলে, ‘নতুন জামা পেয়ে খুব ভালো লাগছে। আমরা সবাই খুব খুশি হয়েছি।’
আনন্দ ছড়িয়ে পড়ে প্রবীণদের মধ্যেও। তাঁরা বলেন, ‘বাচ্চাদের আনন্দ দেখে আমাদেরও ভালো লাগছে যে পূজায় তারাও নতুন কাপড় পরতে পারবে।’
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক কর্মী রিমা দাস, বিশিষ্ট নাট্যকার ও নাট্যকর্মী মোস্তাক আহমেদ, স্থানীয় পূজা কমিটির সেক্রেটারি বিনয় পাত্র, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ অনেকে। বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে বিনয় পাত্র বলেন, ‘আপনারা আমাদের এখানে এসেছেন, আমরা খুব আনন্দিত। আশা করব, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’

এ সময় স্থানীয় লোকজন বেশ কিছু সমস্যার কথাও জানান। এখনো এই গ্রামের রাস্তাঘাট কাঁচা, যোগাযোগব্যবস্থা বেশ দুর্বল। শহর কিংবা বটেশ্বর বাজারের সঙ্গে যোগাযোগ রক্ষা করাও এখানকার মানুষের জন্য অনেক কষ্টসাধ্য। শিক্ষার ক্ষেত্রেও রয়েছে নানা সীমাবদ্ধতা। পুরো গ্রামে মাত্র দুজন মাস্টার্স সম্পন্ন করেছেন, আর দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন এমন মানুষের সংখ্যাও খুবই কম। সিলেটের মতো একটি উন্নয়নশীল অঞ্চলেও এই গ্রামের পিছিয়ে থাকার ব্যাপারে আক্ষেপ করেন তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্ধু দেব রায় সৌমেন, ফয়সাল আহমেদ, গায়ত্রী বর্মন, সুমন দাস, অমিত দেব, কৃত্য ছত্রী, য়ূম্নাম লৈরিক ও অলখ সরকার।
বন্ধু, সিলেট বন্ধুসভা
