লক্ষ্মীপুরের কমলনগরে মতিরহাটের মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে অভিযান চালিয়ে ১১টি মাছ ধরার নৌকা জব্দ করেছে টাস্কফোর্স। একই সঙ্গে আটক সাত জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে মতিরহাটের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কমলনগর ও রায়পুরের সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র মৎস্য কর্মকর্তা, কোস্ট গার্ড এবং দুই থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে মেঘনা নদীতে নিয়মিত টহলের পাশাপাশি এ অভিযান চালানো হয়। অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের সময় জেলেদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত ১১টি নৌকা জব্দ করা হয়।
পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের অপরাধ স্বীকারের ভিত্তিতে সাতজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন। জব্দ করা নৌকাগুলো স্থানীয় প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নির্ধারিত সময়ে নদীতে সব ধরনের মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।
