ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অধীন সেনাবাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় অন্তত ৩০৭ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। রোববার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী।
বিবৃতিতে বলা হয়, চলমান ‘ডন অব ইয়েমেন’ বা ‘ইয়েমেনের ভোর’ সামরিক অভিযানের আওতায় শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ৭৩৬টি হামলা চালানো হয়েছে। এসব হামলায় ৩০৭ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে সেনাবাহিনী। এ ছাড়া হুথি বাহিনীর অন্তত ৬৮টি সামরিক যান এবং বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।
সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে হুথিদের কমান্ড সেন্টার, সেনা সমাবেশস্থল, অতিরিক্ত সেনা মোতায়েনের স্থান, অস্ত্রাগার ও সরবরাহপথ লক্ষ্যবস্তু করা হয়েছিল।
অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে। সেনাবাহিনীর রোববারের বিবৃতি অনুযায়ী, সেখানে হুথিদের একটি কমান্ড সেন্টার, ভারী অস্ত্রের অবস্থান এবং একটি পরিত্যক্ত হোটেলে থাকা অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হুথিরা ওই পরিত্যক্ত হোটেলটিকে পর্যবেক্ষণকেন্দ্র ও গোলাবর্ষণের অবস্থান হিসেবে ব্যবহার করছিল। সেখান থেকে আবাসিক এলাকাগুলোতে হুমকি সৃষ্টি করা হচ্ছিল এবং শহরটির ওপর অবরোধ বজায় রাখা হচ্ছিল। সরকারি বাহিনী ওই এলাকা থেকে গোলাবর্ষণ বন্ধ করতে অভিযান চালিয়েছে বলে দাবি করা হয়।
তাইজে এখনো লড়াই চলছে। শহরের কেন্দ্রস্থল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও হুথিরা সম্প্রতি গ্রামীণ ও উপকূলীয় কিছু এলাকায় নিজেদের অবস্থান জোরদার করেছে।
২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য প্রদেশ দখল করে নিলে দেশটিতে সংঘাত তীব্র হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট ইয়েমেনের সংঘাতে হস্তক্ষেপ করে।
বর্তমানে ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চলের বড় অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, এডেনসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা সরকারি বাহিনী ও তাদের মিত্রদের নিয়ন্ত্রণে রয়েছে।
