রাজবাড়ীতে পিয়ারুল সরদার (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে শহরের স্বজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকান এলাকায় তাকে হত্যা করা হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পিয়ারুল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও হত্যাসহ ১৪টি মামলা রয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে পিয়ারুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত পিয়ারুলের বুকে দুটি গুলির ক্ষত ছিল।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডা. অনিক কুমার মণ্ডল জানান, রাত ৭টা ৫০ মিনিটের দিকে গুলিবিদ্ধ পিয়ারুলকে হাসপাতালে আনা হয়। দ্রুত ইসিজি করার পর দেখা যায়, তিনি মারা গেছেন। স্বজনরা তাকে ফরিদপুরে নেওয়ার চেষ্টা করছিলেন।
পুলিশ জানায়, পিয়ারুলের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। একাধিকবার তিনি পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন। সর্বশেষ চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে তিনি জামিনে মুক্তি পান।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে। পিয়ারুলের বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে।
