জামালপুরের ইসলামপুরে নৌকাবাইচের চূড়ান্ত প্রতিযোগিতায় বাইচাল হিসেবে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে হাসান আলী (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে জানাজা শেষে বাড়ির পাশে তাঁকে দাফন করা হয়।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সাপধরী ইউনিয়নের কটাপুর ঘাটে এ ঘটনা ঘটে। তিনি স্ট্রোকজনিত কারণে মারা গিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নিহত হাসান আলী উপজেলার ডিগ্রীরচর আগ্রাখালী এলাকার নদর আলীর বড় ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে উপজেলার সাপধরী ইউনিয়নের কটাপুর ঘাটে নৌকাবাইচের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আনন্দ তরী ও বিজয় এক্সপ্রেস নামে দুটি নৌকা অংশ নেয়। প্রতিযোগীতায় ডিগ্রিরচর আগ্রাখালী এলাকার নদর আলীর ছেলে হাসান আলী আনন্দ তরী নৌকার বাইচাল (মাঝি) হিসেবে প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় তাঁর নৌকাটি বিজয়ী হয়। তবে প্রতিযোগিতার শেষের পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে তাঁকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
নিহত হাসান আলী চার সন্তানের জনক ছিলেন। তাঁর এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নৌকাবাইচে অংশ নেওয়া হাসান আলী আকস্মিক অসুস্থ হয়ে মারা গেছেন বলে তিনি শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
