বিরতির পর বড়পর্দায় ফিরছেন এশা দেওল
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
-->দীর্ঘ বিরতির পর আবারও বড়পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী এশা দেওল। আসন্ন অ্যাকশন-ড্রামা সিনেমা ‘প্রতাপ’-এ অভিনয় করবেন তিনি। সিনেমাটিতে পুনম নামের একটি চরিত্রে দেখা যাবে তাকে।
পুনমের গল্পে রয়েছে পারিবারিক সম্পর্ক, বিশ্বাসভঙ্গ ও নিজের শক্তি খুঁজে পাওয়ার লড়াই। পরিবারই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনের সব সিদ্ধান্তে সে নির্ভর করে কাছের একজন মানুষের ওপর। কিন্তু সেই বিশ্বাসে চিড় ধরলে বদলে যায় তার পরিচিত জগৎ। কঠিন পরিস্থিতিতে নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয় তাকে। একসময় নিজের ভেতরে থাকা শক্তির পরিচয় পায় পুনম।
সিনেমাটিতে এশার সঙ্গে অভিনয় করেছেন অমিত সাধ, তিগমাংশু ধুলিয়া, সীমা বিশ্বাস ও মিলিন্দ গুনাজি। অমিতকে দেখা যাবে একজন দক্ষ এনকাউন্টার বিশেষজ্ঞের চরিত্রে। একসময় তাকে আইনের বিপরীত দিকে দাঁড়াতে হয়। ক্ষমতা, ন্যায়বিচার ও ব্যক্তিগত সিদ্ধান্তের পরিণতি নিয়ে এগোবে সিনেমার গল্প।
সিনেমাটি লিখেছেন ‘প্রতাপ’ ও পরিচালনা করেছেন সচিন সরাফ। প্রযোজনায় রয়েছে প্রদীপ রঙ্গওয়ানি ও ইউভি ফিল্মস। সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হবে ২৬ অক্টোবর। প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
ধর্মেন্দ্র ও হেমা মালিনীর মেয়ে এশা দেওল একসময় নিয়মিত বলিউড সিনেমায় অভিনয় করেছেন। ‘ধুম’, ‘নো এন্ট্রি’ ও ‘ইয়ুথ’-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। দীর্ঘ বিরতির পর ‘প্রতাপ’ দিয়ে বড়পর্দায় তার প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
আরও পড়ুন
মডেল ও উপস্থাপিকা তুলনা আর নেই
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম
শোবিজ অঙ্গনের জনপ্রিয় মডেল ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন মারা গেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তুলনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই আয়াজ।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তুলনা আল হারুন। ব্রেন টিউমার থেকে তার ক্যানসার হয়েছিল। বেশ কয়েক বছর আগে তার অস্ত্রোপচারও হয়। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।
তবে সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে হার্ট অ্যাটাক হয় তার। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তুলনা দীর্ঘদিন ধরে দেশের বিনোদন অঙ্গনে কাজ করেছেন। মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনায় নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। পাশাপাশি ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও পরিচিতি ছিল তার। শোবিজে কাজের সুবাদে সহকর্মী ও অনুরাগীদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তুলনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন তিনি।
তার হাস্যোজ্জ্বল উপস্থিতি ও ইতিবাচক মনোভাব অনেকের নজর কাড়ত। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করলেও নিজের শারীরিক কষ্ট আড়ালে রেখে কাজের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থিত হয়েছেন তিনি।তুলনা আল হারুনের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও অনুরাগীদের মধ্যে শোক বিরাজ করছে।
/এসএল
আরও পড়ুন
এআই সিনেমার ভরাডুবি, টিকিট কাটছে না দর্শক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি: সংগৃহীত
-->বিশ্ব এগোচ্ছে এআইয়ের দিকে। অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে মানুষের জীবন। গান তৈরি হচ্ছে এআই দিয়ে, সিনেমা নির্মাণেও বাড়ছে প্রযুক্তির ব্যবহার। মানুষের কাজ কেড়ে নেওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে এই প্রযুক্তিকে ঘিরে। কিন্তু সিনেমার পর্দায় এআইয়ের দাপট দেখার আগ্রহ যেন দর্শকের নেই! অন্তত চীনের প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই সিনেমার ক্ষেত্রে তেমনটাই দেখা গেল। কোটি কোটি টাকার প্রযুক্তিনির্ভর আয়োজন, অথচ টিকিট কাটতেই নারাজ দর্শক।
২৩ অক্টোবর চীনে মুক্তি পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সানসিংদুই: ফিউচার পাস্ট’। কল্পবিজ্ঞানধর্মী থ্রিলারটি ঘিরে প্রযুক্তি ও চলচ্চিত্র অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু সেই আগ্রহ বক্স অফিসে রূপ নেয়নি। মুক্তির আগেই টিকিট বিক্রির হতাশাজনক চিত্র সামনে আসে। খবরটি নিশ্চিত করেছে এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)।
চীনের টিকিট বিক্রির প্ল্যাটফর্ম মাওইয়ানের তথ্য অনুযায়ী, মুক্তির দিন সিনেমাটির ১০ হাজারের বেশি প্রদর্শনীর সূচি ছিল। অথচ ২২ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে মাত্র ৬৫ হাজার ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ টাকা। মুক্তির আগেই সিনেমাটির মোট বক্স অফিস আয় এক লাখ ইউয়ানের নিচে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। নির্মাণ ব্যয়ের সঙ্গে এই আয়ের হিসাব মেলানো কঠিন।
সিনেমাটি নির্মাণ করেছে বোনা ফিল্ম গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াং দেফু দর্শকের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ার কথা স্বীকার করেছেন। তবে তার কাছে এটি নতুন সম্ভাবনার দরজা খোলার একটি উদ্যোগ। চীনের চলচ্চিত্রবিষয়ক সংবাদমাধ্যম ইউলিকে তিনি জানান, এআই দিয়ে এমন সিনেমা তৈরি, প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পাওয়া এবং দর্শকের সামনে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তারাই প্রথম।
বোনা ফিল্ম গ্রুপের তথ্য অনুযায়ী, সিনেমাটি নির্মাণে দুই বছরের বেশি সময় লেগেছে। কাজ করেছেন প্রায় ১০০ জন। বাজেট ছিল এক কোটি ইউয়ানের বেশি, যা প্রায় ১৫ লাখ মার্কিন ডলার। সিনেমার অভিনয়শিল্পী, তাদের কণ্ঠস্বর, এমনকি পটভূমিও তৈরি করা হয়েছে এআই দিয়ে। গল্পে এআইনির্ভর ভবিষ্যতে মানবতার অবস্থান তুলে ধরা হয়েছে।
তবে প্রযুক্তির এমন আয়োজনেও দর্শকের মন গলেনি। বিনা মূল্যে আয়োজিত বিশেষ প্রদর্শনী দেখার পর আইরিস ইয়াং নামের এক দর্শক জানান, সিনেমাটির মান বিবেচনায় তিনি টিকিট কিনে এটি দেখতে চাইতেন না। তার মতে, ‘অ্যাভাটার’-এর মতো অভিজ্ঞতা দিতে পারলে এআই সিনেমার জন্য অর্থ খরচ করতে রাজি হবেন।
অবশ্য চীনে এআই ভিডিওর জনপ্রিয়তা কম নয়। দেশটির টিকটক সংস্করণ ডুয়িনে গত সেপ্টেম্বরে এআই দিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য নাটক ২০০ বিলিয়নের বেশি বার দেখা হয়েছে। অনলাইনে বিনা টিকিটে এআই কনটেন্ট দেখতে আপত্তি নেই দর্শকের। কিন্তু প্রেক্ষাগৃহে গিয়ে টাকা খরচের বেলায় হিসাবটা অন্য রকম।
আরও পড়ুন
আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনাকে অশুভ সংকেত বললেন ওমর সানী
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৬ পিএম
ছবি: সংগৃহীত
-->একসময় ছিলেন পরম বন্ধু, পরে হলেন শত্রু। ক্রিকেট-ফুটবল নিয়ে মন্তব্য ঘিরে প্রকাশ্যে বিরোধে জড়িয়েছিলেন চিত্রনায়ক ওমর সানী ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ব্যক্তিগত আক্রমণ আর পাল্টাপাল্টি বক্তব্যে তাদের সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। তবে এবার সেই আসিফ আকবরের বিপদেই পাশে দাঁড়ালেন চিত্রনায়ক ওমর সানী।
বাংলা গানের যুবরাজ খ্যাত এই সংগীতশিল্পীর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেছেন চিত্রনায়ক ওমর সানী।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ওমর সানী। সেখানে আসিফ আকবরের ছবি ও ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি যুক্ত করে তিনি লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশুভ সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ভালো রাখুন তোমাকে।’
এদিকে, গুলির ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পায়নি পুলিশ। ব্যক্তিগত কিংবা পেশাগত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
সালমান শাহর নায়িকা শিল্পীকে আজও খোঁজেন দর্শক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
-->‘এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি’ বাংলা সিনেমার কালজয়ী এই গানটির কথা মনে পড়লেই প্রয়াত অমর নায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা শিল্পীর কথা মনে পড়ে। রানা নাসের পরিচালিত ‘প্রিয়জন’ সিনেমায় ব্যবহৃত এই গানটি আজও সমানতালে জনপ্রিয়। সিনেমাটিতে সালমান শাহর নায়িকা হিসেবে শিল্পীকে আজও মনে রেখেছেন দর্শক। তাই তো মাঝে মধ্যেই তাকে খুঁজে বেড়ান দর্শকরা। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভক্তরা শিল্পীকে নিয়ে নানা ইতিবাচক পোস্ট করেন। ভক্তদের এমন ভালোবাসায় মুগ্ধ হন এই নায়িকা।
চিত্রনায়িকা শিল্পী বলেন, ‘‘অভিনয় করছি না একযুগেরও বেশি সময় ধরে। তার পরও দর্শক এখনো আমাকে খোঁজেন, এখনো ভালোবাসেন, এখনো কাজে ফিরব কী না প্রশ্ন করেন– এটা আমার জন্য সত্যিই ভালো লাগার। এটাও সত্যি যে, সালমানের সঙ্গে ‘প্রিয়জন’ সিনেমায় অভিনয় করার কারণে দর্শক আমাকে বেশি মনে রেখেছেন। কারণ এই সিনেমাটি গল্পের কারণে দর্শকের কাছে ভীষণ ভালো লাগায় রূপান্তরিত হয়েছিল, তেমনি এই সিনেমার ‘এ জীবনে যারে চেয়েছি…’ গানটিও এখনো তাদের ভালো লাগার একটি গান। এই গান যুগের পর যুগ আরও বেঁচে রবে।’’
আঞ্জুমান শিল্পী চলচ্চিত্রে আসার আগে তিনি নারায়ণগঞ্জ জেলার শকুন্তলা নাট্যগোষ্ঠীর হয়ে বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করেছেন। ‘নাগ নর্তকী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হলো ‘বাংলার কমান্ডো’, যেটি ১৯৯৫ সালের ৫ মে মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তার সহশিল্পী ছিলেন আমিন খান। এর পর ১৯৯৬ সালে তিনি সালমান শাহের বিপরীতে ‘প্রিয়জন’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০০ সালে তিনি চলচ্চিত্রাঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন। তবে ২০১৩ সাল পর্যন্ত টিভি নাটকে অনিয়মিতভাবে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত অন্য সিনেমাগুলো হচ্ছে– ‘বাবা কেন চাকর’, ‘ক্ষমা নেই’, ‘শক্তের ভক্ত’, ‘মুক্তি চাই’, ‘প্রেমের নাম বেদনা’, ‘সুজন বন্ধু’।
