পুজো মানেই মনে একরাশ আনন্দ। আর চতুর্থীর সকালে শিলিগুড়িবাসীর আনন্দই খানিকটা বাড়িয়ে দিল শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। শরতের সকালে চোখ খুলতেই শিলিগুড়িবাসীরা দেখা পেলেন ঝকঝকে ‘ঘুমন্ত বুদ্ধে’র। চোখের সামনে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে কেউ স্রেফ উপভোগ করলেন, কেউ আবার ক্যামেরাবন্দি করলেন। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য।
গত কয়েকমাস ধরে বর্ষাই ছিল পাহাড়ের নিত্যসঙ্গী। প্রথমে বর্ষা, তারপর একের পর এক নিম্নচাপের কারণে সে অর্থে দেখাই মেলেনি কাঞ্চনজঙ্ঘার। ফলে বহু পর্যটক পাহাড়ে গিয়ে খানিকটা নিরাশ হয়েই ফিরেছেন। তবে গত কয়েকদিনে বৃষ্টি কমেছে। বুধবার সকাল থেকেই পরিষ্কার আকাশ। হালকা হাওয়ার ফলে রয়েছে মনোরম একটা পরিবেশ। শীতকে যেন বরণ করতে ধীরে ধীরে তৈরি হচ্ছে পাহাড়। এর মাঝেই শিলিগুড়িতে নীল আকাশের ক্যানভাসে জেগে উঠল ‘ঘুমন্ত বুদ্ধ’। কেউ কাজে যাচ্ছিলেন, কেউ আবার হাঁটতে বেরিয়েছিলেন। কাঞ্চনজঙ্ঘার এই রূপ দেখে স্বাভাবিকভাবেই থমকে যান সকলেই। শিলিগুড়ি-জলপাইগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন অসম্ভব নয়। তবে এদিন যেভাবে দেখা মিলেছে, তা সাধারণত হয় না বলেই দাবি স্থানীয়দের।
এদিন সকালে হাঁটতে বেরিয়ে চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা দেখে একেবারে আপ্লুত শিলিগুড়ির বাসিন্দারা। একজন বলেন, “প্রতিদিন হাঁটতে আসি। আজকের সকালটা একেবারে অন্যরকম। চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা দেখে মন ভরে গেল।” বিভিন্ন উড়ালপুলে দাঁড়িয়ে এই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন অনেকেই। শুধু তবে শুধু শিলিগুড়ি নয়, কালিম্পং-সহ বিভিন্ন এলাকা থেকে এদিন দেখা গিয়েছে ঘুমন্ত বুদ্ধকে। এই মুহূর্তে যারা দার্জিলিংয়ে রয়েছেন, তাঁরা যে পরিবেশ চুটিয়ে উপভোগ করছেন, তা বলাই বাহুল্য।
