নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেলের একটি গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হননি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গোদনাইল এসও রোডের মেঘনা ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল-আমিন নামের একজনের মালিকানাধীন অবৈধ জ্বালানি তেলের গুদামের সামনে ফার্নেস অয়েলসহ পোড়া মবিলের মজুত ছিল। কর্মচারীদের জ্বলন্ত সিগারেট থেকে মবিলের একটি ড্রামে আগুন লাগে। বিকট শব্দে ড্রামটি বিস্ফোরিত হয় এবং আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আগুনের খবরে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে দুই ইউনিটের অল্প কিছুক্ষণের চেষ্টাতেই আগুন নেভানো সম্ভব হয়। এতে কেউ হতাহত হননি এবং তেমন ক্ষয়ক্ষতিও হয়নি।
তিনি আরও জানান, জ্বলন্ত সিগারেট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিআলো/শিলি