দেশের মডেলিং ও বিনোদন অঙ্গনের পরিচিত মুখ তুলনা আল হারুন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে দেশের শোবিজ ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই আয়াজ।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তুলনা আল হারুন। প্রথমে ব্রেন টিউমারে আক্রান্ত হন তিনি। পরে তা ক্যানসারে রূপ নেয়। এর আগে তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। চিকিৎসার পর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি।
তবে সম্প্রতি আবারও তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ কারণে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাত ১১টা ৫ মিনিটে বিআরবি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তুলনা।
দীর্ঘ কর্মজীবনে মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও টেলিভিশন উপস্থাপনায়ও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও কাজ করেছেন তুলনা আল হারুন। এসব ক্ষেত্রে তাঁর কাজ প্রশংসা কুড়িয়েছিল।
তাঁর মৃত্যুতে শোবিজ অঙ্গনের পরিচিত মুখদের পাশাপাশি অনুরাগীদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে। একজন মডেল, উপস্থাপক ও ফ্যাশনসংশ্লিষ্ট ব্যক্তিত্ব হিসেবে দেশের বিনোদন অঙ্গনে অবদান রেখে গেছেন তুলনা আল হারুন।
