কালবেলা · সাধারণ
কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত
১৫/১০/২০২৬

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের। বাবাকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করে পালিয়ে গেছেন ছেলে মুত্তাকীন আলম শোভন। বুধবার (১৪ অক্টোবর) কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মায়ের নাম পারুল বেগম। আহত বাবা সরদার আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদকাসক্ত হয়ে পড়ায় শোভনকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। তবে বাড়িতে ফেরার পর আবারও মাদকাসক্ত হয়ে পড়েন তিনি।
এ অবস্থায় মঙ্গলবার রাতে ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে নিতে বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে ঘরের ভেতরে ছুরি দিয়ে মাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন শোভন। এতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে বাবাকেও ছুরিকাঘাত করেন তিনি। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ছুরিকাঘাতের পর অভিযুক্ত শোভন পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। নিহত পারুল বেগমের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗