মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
লাখাইয়ে মৌবাড়ির বেহাল রাস্তা ৩ গ্রামের মানুষের চরম দুর্ভোগ
- আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
- ১১ বার পড়া হয়েছে
লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলাধীন মুড়িয়াউক ইউনিয়নের মৌবাড়ি গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে চরম বেহাল দশায় পড়ে রয়েছে। রাস্তাটির এমন করুণ, খানাখন্দভরা ও জরাজীর্ণ অবস্থার কারণে মৌবাড়ি, মশাদিয়া ও তেঘরিয়া গ্রামের মানুষ অবর্ণনীয় দুর্ভোগের মধ্য দিয়ে দৈনন্দিন জীবনযাপন করছেন। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ে, যার ফলে স্থানীয়দের স্বাভাবিক যাতায়াত প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয়দের দীর্ঘদিনের এই ভোগান্তি যেন দেখার কেউ নেই। বিশেষ করে বর্ষা মৌসুমে এই রাস্তাটি যেন এক মরণফাঁদে পরিণত হয়। বৃষ্টির পানি ও জমে থাকা কাদায় একাকার হয়ে পুরো রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে। কোথাও হাঁটু সমান আবার কোথাও গোড়ালি সমান কাদা-পানিতে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলের অবস্থাও থাকে না। স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকুরিজীবী থেকে শুরু করে সব বয়সি মানুষকে চরম বিপাকে পড়তে হয়। রাস্তাটির এই বেহাল দশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এলাকার রোগীরা। জরুরি প্রয়োজনে কোনো অ্যাম্বুলেন্স বা ছোট যানবাহন গ্রামের ভেতরে প্রবেশ করতে পারে না। ফলে গর্ভবতী নারী বা কোনো আকস্মিক মুমূর্ষু রোগীকে সময়মতো হাসপাতালে নেওয়ার মতো ন্যূনতম সুব্যবস্থাও থাকে না। কাঁচা ও অবহেলিত এই সড়কটির কারণে যেন পুরো এলাকাটি মূল জনপদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে এই জনদুর্ভোগের অবসান ঘটাতে রাস্তাটি পাকা বা সংস্কার করার জন্য বিভিন্ন মহলে বহুবার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
ওই গ্রামের আকিকুল ইসলাম শুভ বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করা আমাদের জন্য এক প্রকার আতঙ্ক ও অভিশাপে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি দিয়ে চলাচল করতে প্রচণ্ড ভয় হয়, এটি যেন সাধারণ মানুষের জন্য মরণফাঁদ। দীর্ঘদিন ধরে আমাদের এই দুর্ভোগ পোহাতে হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ভ্রূক্ষেপ নেই। রাস্তাটি দিয়ে শুধু মৌবাড়ি গ্রামই নয়, এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে প্রতিদিন নিয়মিতভাবে পার্শ্ববর্তী মশাদিয়া ও তেঘরিয়া গ্রামের হাজারো মানুষকেও বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে হয়।
এ বিষয়ে মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নোমান সারোয়ার জনির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তাটি এলাকাবাসীর যাতায়াতের জন্য অত্যন্ত জরুরি এবং এর বেহাল দশার বিষয়টি তাদের জানা রয়েছে। খুব শীঘ্রই রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


