মো. শাহীন আলম, জামালগঞ্জ ::
সুনামগঞ্জের জামালগঞ্জে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস)-এর ৭০ জন নারী কর্মীর মাঝে বিভিন্ন ধরনের কাজের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। উপজেলার ছয়টি ইউনিয়নে ছয়টি গ্রুপে বিভক্ত নারী কর্মীদের মধ্যে ৬টি কলসি, ১৪টি গ্লাস, ১৩টি কোদাল, ৭০টি ছাতা ও মাটি বহনের ৩০টি ঝুড়ি বিতরণ করা হয়।সরঞ্জাম বিতরণকালে জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, “পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে এলসিএসের নারী কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের কাজের পরিবেশ সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। এসব সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে তাঁরা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি গ্রামীণ সড়কগুলো সচল ও চলাচলের উপযোগী রাখতে তাঁদের ভূমিকা আরও কার্যকর হবে বলে আমরা আশা করি।”তিনি আরও বলেন, নারী কর্মীদের কাজের সুবিধা নিশ্চিত করা এবং পল্লী সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নত রাখতে এলজিইডি কাজ করে যাচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) সারফুল ইসলাম, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, কমিউনিটি অর্গানাইজার ঝনিক চন্দ্র দাস, এলসিএস সুপারভাইজার কামাল হোসেন, জুয়েল মিয়া ও আমীর হোসেন এবং এলজিইডির অফিস সহায়ক হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।উল্লেখ্য, এলসিএস কর্মসূচির আওতায় নারী কর্মীরা গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মাধ্যমে স্থানীয় যোগাযোগব্যবস্থা সচল রাখতে কাজ করে থাকেন।
নিউজটি শেয়ার করুনঃ
