সামনে স্থানীয় সরকার নির্বাচন। তবে নির্বাচন ঘিরে পরিস্থিতির আলামত ভালো দেখছেন না বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের আলামত তো ভালো না। সরকারি দলের নেতারা বিভিন্ন এলাকায় গিয়ে দলীয় প্রার্থীকে নির্বাচিত না করলে বরাদ্দ ও উন্নয়ন বন্ধের কথা বলছেন। এমন পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন হবে না, বরং নির্বাচনের নামে প্রহসন হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন ঘিরে একেক জায়গায় গিয়ে সরকারি দলের নেতারা ঘোষণা দিচ্ছেন, তাদের দলীয় প্রার্থীদের নির্বাচিত না করলে সেখানে কোনো বরাদ্দ দেওয়া হবে না, উন্নয়নও হবে না। এ ধরনের বক্তব্যকে কীভাবে দেখছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা হলে কোনো নির্বাচন হবে না, নির্বাচনের নামে প্রহসন হবে। এই জাতি আর প্রহসন দেখতে চায় না, আমরা নির্বাচন দেখতে চাই। সরকারকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।’
গতকাল একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, বিরোধী দলের খায়েশ যদি স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে তা হবে জুলাইয়ের সবচেয়ে বড় গাদ্দারি। এ বিষয়ে জানতে চাইলে জামায়াত আমির বলেন, ‘আমরা কোনো কাঁচা কথার জবাব দিতে সময় নাই আমাদের। কাঁচা কথার জবাব দেওয়ার কোনো সময় আমাদের নাই। জাতি জানে কে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করছে, কে করছে না।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় গিয়ে সরকারি দলের এমপিরা বলতেছেন, আমরা আমাদের দলের কাছে গ্রেটফুল না, আমরা আওয়ামী লীগের কাছে গ্রেটফুল; তারা নির্বাচনে আমাদেরকে বিজয়ী করে দিয়েছেন। আর একমুখে এত কথা বললে মানুষ এগুলা বুঝে ভাই, মানুষ এত বেবুক না।’
বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, পরিস্থিতি খুব খারাপ। এর প্রমাণ হিসেবে একজন প্রতিমন্ত্রীকে হাতে পিস্তল নিয়ে রাস্তায় বের হতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, ‘অতিষ্ঠ ভাই, সবাই অতিষ্ঠ; গরিব, ধনী সবাই অতিষ্ঠ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সবাই অতিষ্ঠ।’
তিনি বলেন, ‘সরকার এইগুলা সমাধানের দিকে নজর না দিয়ে এখন বিরোধী দলকে কিভাবে ঘায়েল করবে, সেই রকম পথ খুঁজছে, এটা দুঃখজনক। আসলে সরকারের উচিত হবে জনজীবনের দুর্ভোগ দূর করার দিকে তারা যেন নজর দেয়।’
কক্সবাজারে ৫০টি ট্রাকে ডাকাতির ঘটনার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই যে আজকে দেখলাম যে ৫০টা ট্রাকে ডাকাতি হয়েছে আপনার কক্সবাজারে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি কোথায়? দিস ইজ বাংলাদেশ।’
