আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট’ (আইসিসিএ ২০২৬)। দুই দিনব্যাপী (১৫ ও ১৬ অক্টোবর) এই সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞরা তথ্যপ্রযুক্তির অগ্রগতি, সাম্প্রতিক উদ্ভাবন ও গবেষণার নানামুখী ক্ষেত্র নিয়ে নিবন্ধ উপস্থাপন করেন।
এবারের সম্মেলনে বিশ্বের ১৭টি দেশ থেকে ৯০০টিরও বেশি গবেষণাপত্র জমা পড়ে। কঠোর পর্যালোচনার পর তার মধ্যে ২১৪টি মানসম্মত গবেষণাপত্র উপস্থাপনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়। নির্বাচিত এসব গবেষণাকর্মে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডার গবেষকদের গবেষণাপত্র অন্তর্ভুক্ত ছিল।
কনফারেন্সে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স ও ব্লকচেইন প্রযুক্তির মতো উদীয়মান খাতের অগ্রগতি ও প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।
১৫ অক্টোবর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, এফএসটি-র সহযোগী ডিন ও কনফারেন্সের জেনারেল চেয়ার প্রফেসর ড. খন্দকার তাবিন হাসান, ডিন ও প্রোগ্রাম চেয়ার প্রফেসর ড. দীপ নন্দী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক।
১৬ অক্টোবর আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও গবেষকবৃন্দ।
আয়োজকেরা জানান, এ ধরনের আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে গবেষক ও প্রযুক্তিবিদদের আন্তর্জাতিক নেটওয়ার্কিং, জ্ঞান বিনিময় এবং যৌথ গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা বৈশ্বিক আইসিটি খাতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখবে।
