গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে ছয়তলা ভবনটির নিচতলার স্টোরে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।
তালহা বিন জসিম জানান, কারখানার নিচতলার স্টোরে আগুন দেখতে পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কোনাবাড়ী ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট যোগ দেয়। এরপর গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
