দেশ থেকে হাজার মাইল দূরে, প্রবাসের ব্যস্ত জীবনে দুর্গোৎসব এলেই বদলে যায় চেনা পরিবেশ। পূজামণ্ডপে ঢাকের শব্দ, দেবী দর্শনের অপেক্ষা আর পরিবার-পরিজন নিয়ে উৎসবে মেতে ওঠা—সব মিলিয়ে প্রবাসের মাটিতেই যেন খুঁজে পাওয়া যায় এক টুকরো স্বদেশ।

এ বছর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ও ভারতীয় সনাতনীদের উদ্যোগে সাতটি পৃথক স্থানে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে সবচেয়ে বড় ও জমকালো আয়োজন হয়েছে আজমানের উইনার্স স্পোর্টস ক্লাবে। প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের আয়োজনে প্রতিদিনই এখানে সমাগম হচ্ছে ১০ থেকে ১৫ হাজার দর্শনার্থীর। পূজার আনুষ্ঠানিকতা, দেবী দর্শন, সাংস্কৃতিক আয়োজন ও জমজমাট দুর্গা মেলায় উৎসবমুখর পুরো প্রাঙ্গণ।