রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এখন থেকে অনুমতি ছাড়া দোকান বসালে মামলা করার পাশাপাশি মালামাল জব্দ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শনিবার (২৪ অক্টোবর) সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আবদুস সালাম বলেন, অবৈধ হকার ও ভাসমান দোকানের কারণে রাজধানীতে যানজট বাড়ছে, ময়লা-আবর্জনা জমছে এবং পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। নগরবাসী এ দুর্ভোগ থেকে মুক্তি চায়। মানবিকতার কথা বলে সড়ক ও ফুটপাত দখল করে রাখার সুযোগ নেই। নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আগামী সপ্তাহে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান তিনি। ওই এলাকায় সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে আবদুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট কমাতে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক প্রচার চালানো হবে।
মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে থেকে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, জনস্বার্থে সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে স্টেশনটি স্থানান্তর করা হয়েছে। সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। একই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন একটি এসটিএস নির্মাণের কাজ চলছে, যা চলতি মাসের মধ্যে শেষ হওয়ার কথা।
‘ক্লিনিং ডে’ উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযানটি সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য অপসারণ ও অবৈধ দোকান সরানোর কার্যক্রম পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক।
দিনব্যাপী কর্মসূচিতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
