কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মীর আব্দুল আওয়াল মাস্টার আর নেই। আজ রোববার ভোর ৫টায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
মীর আব্দুল আওয়াল মাস্টার ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও আলোকিত মানুষ গড়ার কারিগর। শিক্ষা বিস্তার এবং সমাজের উন্নয়নে তিনি আজীবন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।
তিনি ১৯৬১ সালে নবাব সিরাজউদ্দৌলা (এনএস) কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রিও লাভ করেন। কর্মজীবনে তিনি কুষ্টিয়া জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাগোয়ান কেসিভিএন হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে তিন দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করেন।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন। তার হাতে গড়া অনেক শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তাঁর কর্মনিষ্ঠা, প্রজ্ঞা ও শিক্ষার প্রতি গভীর অনুরাগ বহু মানুষের জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষা ও সমাজের অগ্রযাত্রায় তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
উল্লেখ্য, কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের মিডিয়া ও জনসংযোগ (পিআর) বিভাগের প্রধান মাহফুজুর রহমান মরহুমের নাতি।
মীর আব্দুল আওয়াল মাস্টারের মৃত্যুতে তার পরিবার, আত্মীয়স্বজন, প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বজন ও শুভানুধ্যায়ীরা।
