প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে লাতিন আমেরিকার মেক্সিকো এবং ইউরোপের স্পেন। মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে বৃষ্টি ও বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ঝড় অ্যাডামের প্রভাবে স্পেনের পূর্বাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা ও আকস্মিক বন্যা। মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে প্রবল বৃষ্টিতে বেশ কয়েকটি নদীর পানি উপচে জনবহুল এলাকা প্লাবিত হয়েছে। ভিলা আলেন্দে শহরে ভূমিধসেও প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃষ্টি অব্যাহত থাকায় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রাজ্যের দক্ষিণাঞ্চলের ২৯টি পৌরসভার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত করা হয়েছে।
এদিকে, ঝড় অ্যাডামের প্রভাবে স্পেনের পূর্বাঞ্চলে অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। নদীর পানি বেড়ে উপচে পড়ায় উপকূলের কয়েকটি শহর যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তলিয়ে গেছে সড়ক, সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা।