সিরাজগঞ্জের এনায়েতপুরকে উপজেলা ঘোষণার দাবি দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ঝুলে আছে। দীর্ঘদিনেও দাবি বাস্তবায়িত না হওয়ায় নতুন করে সোচ্চার হয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ দাবিতে জনমত গঠন ও করণীয় নির্ধারণে অনুষ্ঠিত হয়েছে ‘এনায়েতপুর উপজেলা বাস্তবায়নে নাগরিক চিন্তা ও চায়ের আড্ডা’ শীর্ষক আলোচনা সভা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় এনায়েতপুর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ খান। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহসভাপতি মুক্তার হাসান। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন এম ওয়াহিদুজ্জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন মিয়া এবং এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির মো. সেলিম রেজা।
এ ছাড়া উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লেবু মীর ও সানোয়ার হোসেন বেপারী, থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, সাংবাদিক বাবু মির্জা, খুকনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষক আব্দুস সালাম এবং এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আইনুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এনায়েতপুরকে উপজেলা করার দাবিতে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও দুই যুগের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু এখনো এ দাবি বাস্তবায়িত হয়নি।
তাঁরা বলেন, নাগরিক চিন্তা ও চায়ের আড্ডায় আলোচনা সীমাবদ্ধ রাখলে চলবে না। এনায়েতপুরকে উপজেলা হিসেবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ দাবিকে বাস্তবে রূপ দিতে সম্মিলিত উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, এনায়েতপুর উপজেলা হলে স্থানীয় মানুষের প্রশাসনিক সেবা গ্রহণ আরও সহজ হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও এলাকার সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সভায় বক্তারা এনায়েতপুরকে উপজেলা ঘোষণার দাবিকে এলাকার সর্বস্তরের মানুষের প্রাণের দাবি হিসেবে উল্লেখ করেন এবং দাবি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
The post দুই যুগেও হয়নি এনায়েতপুর উপজেলা বাস্তবায়ন appeared first on ভোরের চেতনা.
