সংবাদ বিজ্ঞপ্তি · ১৫ অক্টোবর, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন
সিলেটে মাসব্যাপী সৃজনশীল পণ্য ও বাণিজ্যমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর শাহী ঈদগাহ মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মেলাটির আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান। তিনি বলেন, যেকোনো দেশের সামগ্রিক অর্থনৈতিক চালিকাশক্তি সচল রাখতে বাণিজ্যমেলার ভূমিকা রয়েছে। বাণিজ্যমেলা কেবল পণ্য ক্রয়-বিক্রয়ের একটি মাধ্যম নয়, এটি উৎপাদক ও ক্রেতার মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি করে। পণ্যের গুণগত মান প্রদর্শন, বাজার যাচাই এবং নতুন ভোক্তা তৈরির ক্ষেত্রে এ ধরনের মেলার গুরুত্ব রয়েছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নারী উদ্যোক্তাদের অবদান আজ অনস্বীকার্য। মেধা, শ্রম ও সৃজনশীলতা দিয়ে নারীরা নিজেদের আত্মনির্ভরশীল করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছেন।
সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমীন শম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ, উইমেন চেম্বারের পরিচালক সামা হক চৌধুরী ও সিলেট প্রেসক্লাবের সহসভাপতি এম এ হান্নান। স্বাগত বক্তব্য দেন উইমেন চেম্বারের সহসভাপতি আলেয়া ফেরদৌসি তুলি।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ এবং উপযুক্ত বিক্রয়-বিপণনের সুযোগ তৈরি করে দেওয়া অন্যতম লক্ষ্য হওয়া উচিত। নারী উদ্যোক্তাদের মানসম্মত পণ্য প্রদর্শন ও ব্র্যান্ডিং করার ক্ষেত্র তৈরি করেছে এই মেলা। এতে উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের চাহিদা ও মতামত জানতে পারবেন, যা পণ্যের মান উন্নয়নে সহায়তা করবে।
জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, বাণিজ্যমেলা নিছক ব্যবসা বা অর্থনৈতিক লাভের মাধ্যম নয়, এর সঙ্গে বিনোদন ও সাংস্কৃতিক আনন্দ জড়িয়ে থাকে। এই মেলা একদিকে নারী উদ্যোক্তাদের নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করেছে, অন্যদিকে শহরবাসীদের জন্য পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর একটি স্থান তৈরি করেছে।
জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, এই বাণিজ্যমেলা ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি মেলায় এসে দেশীয় ও নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য কেনাকাটা করে তাদের উৎসাহিত করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে লুবানা ইয়াসমীন শম্পা বলেন, স্থানীয় নারী উদ্যোক্তারা যাতে তাঁদের নিপুণ হাতে তৈরি হস্তশিল্প, পোশাক, দেশীয় পণ্য ও সৃজনশীল উদ্ভাবন প্রদর্শন করতে পারেন এবং তাঁদের উৎপাদিত পণ্যের একটি বড় বাজার ও বিপণন সুবিধা গড়ে তুলতে পারেন, সে লক্ষ্যেই এই আয়োজন। তিনি মেলা সফল করতে সিলেটের সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
গুগলে আমাদের খবর পেতে
