আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযানের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অপরাধ দমনে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল বুধবার চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তৎপরতা রুখতে সরকার ২০০২ সালের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করছে বলে কিছু গণমাধ্যমে খবর এসেছে। বিএনপি-জামায়াত জোট সরকারের
আমলে ওই অভিযান চালানো হয়েছিল। তবে এমন অভিযানের পরিকল্পনার খবর নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, খুলনায় পুলিশ যেখানে নিজেরাই রাতে চলাচলে ভয় পাচ্ছে, সেখানে তারা কীভাবে মানুষের নিরাপত্তা দেবে? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ অপরাধ দমন করতে গেলে, মাঝে মধ্যে আক্রমণের শিকার হয়। এটা নতুন কোনো বিষয় নয়। আমরা অপরাধীদের দমন করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাব। আর পুলিশ গ্রেপ্তার করতে গেলে কেউ যদি আসামিকে সহায়তা করে থাকে, তবে তথ্য পেলে তার বিরুদ্ধেও যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ডিসেম্বর মাসকেন্দ্রিক সম্ভাব্য নাশকতা নিয়ে গুঞ্জন এবং বিরোধী দলের চলমান আন্দোলন প্রসঙ্গে সরকারের সামনে কোনো চ্যালেঞ্জ আছে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব বিষয়ে আমাদের দায়িত্ব আছে। তবে আমাদের সামনে কোনো চ্যালেঞ্জ নেই।
চট্টগ্রাম সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা প্রথম থেকেই পুলিশ সাইবার ইউনিট প্রতিষ্ঠার কথা ভাবছিলাম। আমরা সেটা গঠন করেছি। যাত্রা শুরু হয়েছে, পুলিশ সাইবার ইউনিট নামে গত ১ অক্টোবর থেকে। বাংলাদেশে ৮টি ডিভিশনার হেড কোয়ার্টারে আমরা খুব দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করব ইনশাল্লাহ। এই ডিজিটাল ফরেনসিক ল্যাবগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছি। কোরিয়ান সরকারের সহযোগিতাও আজকে আমরা চেয়েছি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত কিম জি-জোন ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
