আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, রামগতি থানার ইনচার্জ লিটন দেবনাথ। এ ছাড়া সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কোস্ট গার্ডের প্রতিনিধি, রামগতি উপজেলা ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শেখ এহসান উদ্দিন বলেন,সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠ, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার, পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক সতর্কতা বজায় রাখা, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় উৎসব উদ্যাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও পূজামণ্ডপের দায়িত্বশীল নেতৃবৃন্দ দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার বিষয়ে গুরুত্ব দেন।
আজকালের খবর/রাশেদুল মিলন
