জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।
বিজ্ঞাপন
এর আগে আগরওয়ালার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া।
আবেদনে বলা হয়, আসামিকে মামলার ঘটনা সম্পর্কে ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য পুনরায় তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন।
এর আগে এ মামলায় গত ২১ অক্টোবর তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল এসআরবি (সাবেক র্যাব)। পরদিন তাকে আদালতে তোলা হয়। এরপর তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই দিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর বিভিন্ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় নিম্ন ও উচ্চ আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। সব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান। তার কারামুক্তির এক বছর পর গত ১৯ অক্টোবর সন্ধ্যায় বনানী থেকে মানি লন্ডারিংয়ের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ অক্টোবর তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুরের দিকে উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তী সময়ে কিছুটা সুস্থতা অনুভব করায় ২০২৫ সালের ২৭ মার্চ আ. জব্বার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় আগরওয়ালা ৩১ নম্বর এজাহারনামীয় আসামি।
