ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিশুদের হাম রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে বিশেষ কর্মসূচি পরিচালনা করেছে সামাজিক সংগঠন কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন। এ কর্মসূচির আওতায় কমিউনিটি সভা, জনসচেতনতামূলক প্রচার এবং বাড়ি বাড়ি তথ্যসংবলিত স্টিকার লাগানো হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করে কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন। এতে ব্যবস্থাপনায় ছিল জেলা তথ্য অফিস, পিরোজপুর এবং সহযোগিতা করে ইউনিসেফ বরিশাল।
কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি, লেখক ও সাংবাদিক এম এ নকিব নাছরুল্লাহ্। এ সময় সংগঠনের অর্থ সম্পাদক রুবাইয়া আক্তার নুপুরসহ কার্যকরী পরিষদ ও সাধারণ সদস্যরা অংশ নেন।
দিনব্যাপী কার্যক্রমে সংগঠনের সদস্যরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও বাজার এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন তাঁরা। একই সঙ্গে শিশুদের হাম থেকে সুরক্ষায় প্রয়োজনীয় করণীয় সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। স্বাস্থ্যবিষয়ক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন বাড়িতে সচেতনতামূলক স্টিকারও লাগানো হয়।
এম এ নকিব নাছরুল্লাহ্ বলেন, “কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন সবসময় জনকল্যাণমূলক কাজ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার চেষ্টা করে। জেলা তথ্য অফিস ও ইউনিসেফ বরিশালের সহযোগিতায় নেওয়া এ উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কর্মসূচিতে অংশ নেওয়া সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানান। জনস্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
এই বাংলা/এমএস
