দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ এবং আইনজীবীদের আটক করার অভিযোগ ঘিরে উত্তেজনার আবহে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। সোমবার তাঁর স্পষ্ট বার্তা, সুপ্রিম কোর্টকে কোনও রাজনৈতিক বিতর্কের মধ্যে টেনে আনা উচিত নয়। একই সঙ্গে আদালতের কাজকর্ম এবং আইনজীবী, বিচারপ্রার্থী ও আদালতের কর্মীদের যাতায়াত যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন তিনি।
সোমবার সুপ্রিম কোর্টে দিল্লির বিক্ষোভ চলাকালীন আইনজীবীদের আটক করা এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার অভিযোগ সংক্রান্ত একটি আবেদন উত্থাপন করা হয়। বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা প্রবীণ আইনজীবী প্রদীপ রাই। সেই প্রসঙ্গেই প্রধান বিচারপতি বলেন, ‘প্রতিবাদ হতে পারে, কিন্তু তার জেরে আদালতের স্বাভাবিক কাজকর্মে কোনও বাধা তৈরি হওয়া উচিত নয়।’
প্রধান বিচারপতির কথায়, ‘আমি আন্দোলনকারীদের কাছেও আবেদন জানিয়েছি। সব রাজনৈতিক দলকেও বলছি, সুপ্রিম কোর্টকে এই বিতর্কের মধ্যে টেনে আনা উচিত নয়।’ আদালতের কাজকর্ম, আইনজীবী, তাঁদের সহকারীরা, আদালতের কর্মী এবং বিচারপ্রার্থীদের যাতায়াতে যাতে কোনও প্রতিবন্ধকতা তৈরি না হয়, সেই বিষয়েও সতর্ক করেন তিনি।
SIR নিয়ে বিরোধীদের প্রতিবাদ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সরব হয়েছে বিরোধী INDIA জোট। এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন। তবে বিষয়টি বিচারাধীন হওয়ায় আলোচনার জন্য বৈঠকে রাজি হননি CJI সূর্য কান্ত। তিনি নির্দিষ্ট পিটিশন দায়ের করে আইনি পথে আদালতে দ্বারস্থ হওয়ার কথা বলেন।
