অক্টোবর ২৪, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রভাষক মাও. রহমাত উল্লাহ নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে প্রতাপনগর গ্রামে বাড়ির পাশে ধান ক্ষেতে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দেওয়ার সময় এই ঘটনা ঘটে।
নিহত মাও. রহমত উল্লাহ (৩৫) সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের সুলতান আহমেদ ময়রার ছেলে। তিনি আনুলিয়া মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন।
প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, মাও. রহমাত উল্লাহ নিজ বাড়িতে ধান খেতে মোটর লাইনের মাধ্যমে পানি দিচ্ছিলেন। এসময় মোটরের বৈদ্যুতিক লাইনের লিকেজ তারে স্পর্শ করায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এএজে
