রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুইটিলা ক্যাম্পের আওতাধীন দক্ষিণ হাগলাছড়া এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (২১ অক্টোবর) সকালে বাঘাইহাট সেনা জোনের তত্ত্বাবধানে দক্ষিণ হাগলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় দক্ষিণ হাগলাছড়া এবং পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। দিনব্যাপী এই কার্যক্রমে মোট ১২০ জন রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও ওষুধ দেওয়া হয়।
চিকিৎসাসেবা কার্যক্রমে উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা প্রদান করেন বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাঘাইহাট জোনের আওতাধীন ভূয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট ও মুশফিক এলাকাসহ সাজেক পর্যটন কেন্দ্র এবং পার্শ্ববর্তী বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ হাগলাছড়া এলাকায় এই বিশেষ সেবামূলক আয়োজন করা হয়।
বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পাহাড়ি এলাকার পাহাড়ি ও বাঙালি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় রেখে সেনাবাহিনীর এই মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচআর
