খুলনার সদর থানার শেরে বাংলা নগরের বকুলতলা বাজারে রব্বানীর চায়ের দোকানের সামনে গুলির ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে মোটরসাইকেলে থাকা হেলমেট পরিহিত এক অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী অপর একটি মোটরসাইকেলের আরোহীকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ হতাহত হননি।
একটি গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, গুলির লক্ষ্যবস্তু ছিলেন খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র সদস্য সাহেল। তিনি লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার বাবুলের ছেলে। তবে কী কারণে কারা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। গুলির ঘটনার পর ঘটনাস্থলে একটি গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করার তথ্য পাওয়া যায়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেরে বাংলা এলাকার বকুলতলায় গুলির ঘটনা ঘটেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
এমএইচ
