শেরপুরে বেশি লাভের প্রলোভন দেখিয়ে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রমজান আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে টাকা ফেরত চেয়ে থানায় ভিড় করেন ভুক্তভোগীরা। এ পর্যন্ত ১১ জন লিখিত অভিযোগ দিয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে শেরপুর জেলা শহরের দীঘারপাড় মহল্লায় রমজান আলীর শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রমজান আলী শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের শুনিডুবারপাড় এলাকার এনামুল হকের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, অধিক লাভের প্রলোভন দেখিয়ে রমজান আলী সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন, শেরপুর পৌরসভা ও ভাতশালা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার কৃষক, ধান ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এর মধ্যে তাদের ব্যবসা বা টাকা কোনো কিছুই বুঝিয়ে না দিয়ে কৌশলে সটকে পড়েন। দীর্ঘদিন ধরে রমজান আলী পালিয়ে বেড়াচ্ছিলেন। এ ব্যাপারে থানায় একাধিক অভিযোগ জমা পড়ে। শনিবার রাতে তাকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। রমজান আলী গ্রেপ্তার হওয়ার পর তার কাছে টাকা পাওয়ার দাবি নিয়ে অনেকেই থানায় আসছেন।
ভুক্তভোগীদের কয়েকজন জানান, তারা পাওনা টাকা ফেরত না পেলে নিঃস্ব হয়ে যাবেন। তাদের অনেকের পথে বসার আশঙ্কা রয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, অভিযোগ সাপেক্ষে রমজান আলীকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর অনেকেই তার কাছে টাকা পাওয়ার অভিযোগ নিয়ে আসছেন। এ পর্যন্ত ১১ জন লিখিত অভিযোগ দিয়েছেন।
