রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ‘ছেলেধরা’ সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. আলম শেখ (৪১)।
আজ বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন আলম শেখ। সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনদের সন্দেহ হয়। তারা তাকে সেখানে ঘোরার কারণ জিজ্ঞাসা করেন। সন্তোষজনক উত্তর দিতে না পারায় তারা তাকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে বেধড়ক মারধর করেন। এতে তার মৃত্যু হয়।
খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে।
পরিদর্শক মাসুদ রানা আরও বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ ওই হাসপাতালেরই মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
তিনি জানান, নিহত আলম শেখের পরিবারের সদস্যরা মরদেহ নিতে এসেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
