উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী বলেন, সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বাজেট বরাদ্দ দেবে। তবে সেই অর্থ জনগণের। তাই বরাদ্দের প্রতিটি পয়সা দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে ব্যয় নিশ্চিত করতে হবে।
সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুযোগ দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না। তাই যার হাতে যত দিন দায়িত্ব পালনের সুযোগ রয়েছে, তা আন্তরিকতার সঙ্গে কাজে লাগাতে হবে।
সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানান তিনি। মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আবারও আলোচনা হবে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী সভাগুলোতে কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত আরও খোলামেলাভাবে তুলে ধরবেন।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
