ভুয়ো চিকিৎসক চক্রের তদন্তে উঠে এল রাজনৈতিক যোগ। সেই সূত্র ধরেই তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলর ও এক নেতাকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ।
সম্প্রতি বারুইপুরের দুর্গাপুর, কুন্দরালি ও বেলেগাছি এলাকায় অভিযান চালিয়ে তপন কুমার বৈরাগী, বাসুদেব নস্কর ও আশিস কুমার বড়াল নামে তিন জনকে ভুয়ো চিকিৎসক সন্দেহে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, বৈধ চিকিৎসা সংক্রান্ত ডিগ্রি ছাড়াই দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা করছিলেন তাঁরা। শুধু তাই নয় টাকার বিনিময়ে বিভিন্ন মেডিক্যাল সার্টিফিকেট দেওয়া এবং মৃত্যুর শংসাপত্র দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে। ধৃতদের জেরায় কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতার নাম জানতে পারে পুলিশ। গ্রেফতার করা হয় বারুইপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশিস দেবরায়, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ দত্ত ও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের ঘনিষ্ঠ বলে পরিচিত নেলো নামে এক ব্যক্তিকে। অভিযোগ, অভিযুক্ত কাউন্সিলর ও নেতা বিভিন্ন প্রয়োজনে সাধারণ মানুষকে ওই চিকিৎসকদের কাছে পাঠাতেন।
ধৃত তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলর ও বিধায়ক ‘ঘনিষ্ঠ’ এক নেতা। —নিজস্ব চিত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো চিকিৎসকদের সঙ্গে ধৃতদের ঠিক কী রকম যোগাযোগ ছিল, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্য কোনও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির যোগসাযোগ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
