মানবতাবিরোধী অপরাধ : খালাস চেয়ে ইনুর আপিল
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন ১৪ দলীয় জোটের শরিক ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
আজ বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন করা হয় বলে নিশ্চিত করেছেন ইনুর আইনজীবী সিফাত মাহমুদ।
এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এক রায়ে তিনটি পৃথক অভিযোগে ইনুকে ১০ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ড দেন। তবে আদালত নির্দেশ দেন যে, সব সাজা একসঙ্গে কার্যকর হবে, ফলে তাকে বাস্তবে ১০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
আরও পড়ুন : টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
অন্যদিকে, ইনুর এই ১০ বছরের সাজা বৃদ্ধি করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে গত ৫ অক্টোবর সুপ্রিম কোর্টে আলাদা একটি আপিল দায়ের করেছিল ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ। আজ ইনুর আইনজীবীরাও ট্রাইব্যুনালের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে পাল্টা আবেদন করলেন।
আদালত সূত্রে জানা যায়, ইনুর বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারীদের ‘বিএনপি, জামায়াত, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক’ হিসেবে আখ্যায়িত করে বলপ্রয়োগের উসকানি দেওয়া, ১৪ দলের জোটগত সিদ্ধান্তের মাধ্যমে দমন-পীড়নে সহায়তা এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলন দমনের নির্দেশ দিয়ে পরবর্তী সময়ে ছয়জনকে হত্যার পরিকল্পনায় উসকানি ও প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।
