The Sangbad · সাধারণ
যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না
১৭/১০/২০২৬

লাইন সংস্কার, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজের অংশ হিসেবে দেশের বেশ কিছু এলাকায় শনিবার (১৭ অক্টোবর) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর সিদ্ধান্ত অনুযায়ী, এলাকাভেদে সকাল থেকে সর্বোচ্চ ৯ ঘণ্টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট থাকবে।শুক্রবার (১৬ অক্টোবর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ এবং পল্লী বিদ্যুৎ সমিতির দেওয়া পৃথক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আওতাধীন ১১ কেভি খেজুরবাগ ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। পারগেন্ডারিয়া ফিডারে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বুড়িগঙ্গা ফিডারে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরবরাহ স্থগিত থাকবে। এর ফলে খেজুরবাগ, সাতপাখি গ্যাস রোড, সাহেব গলি, মাস্টার গলি, পারগেন্ডারিয়া, মীরেরবাগ, চর কালিগঞ্জ ও বরইতলার মতো জনবহুল এলাকা বিদ্যুৎহীন থাকবে।রাজশাহী শহরের শারদীয় দুর্গোৎসবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে নেস্কোর বিক্রি ও বিতরণ বিভাগ-২ পর্যায়ক্রমে ডালপালা ছাঁটাই করবে। সকাল পৌনে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত হড়গ্রাম বাজার, ভেড়ীপাড়া মোড় ও মিশন হাসপাতাল এলাকা; সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পীর সাহেবপাড়া, চার খোটার মোড় ও গুড়িপাড়া এবং সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত লক্ষ্মীপুর, জিপিও, সার্কিট হাউস ও সিঅ্যান্ডবি মোড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এছাড়া নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বড়াইগ্রাম-১ উপকেন্দ্রের আওতায় সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাবাজার উপকেন্দ্রের আওতায় সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলাবাজার, নরসিংপুর, বোগলাবাজার ও লক্ষ্মীপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।সাময়িক এই ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ ব্যবস্থা পুনর্প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।/
মূল প্রতিবেদনে যান ↗