১৪৪৮ হিজরি/২০২৭ ঈসাব্দের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার কার্যক্রম পরিচালনার জন্য আরও ২৫০ জন সহকারী নেগরান ও ৫৫ জন মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। এ লক্ষ্যে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত শর্তে আবেদন আহ্বান করা হয়েছে। যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
নেগরান পদে আবেদনের জন্য প্রার্থীকে দাওরায়ে হাদিস (তাকমিল) শ্রেণির বর্তমান শিক্ষক হতে হবে। পাশাপাশি দাওরায়ে হাদিসের কিতাব পাঠদানে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরীক্ষার হল পরিচালনায় দক্ষতা, প্রধান নেগরানের নির্দেশনা অনুসরণ এবং পরীক্ষা-সংক্রান্ত গোপনীয়তা ও আমানতদারি বজায় রাখার সক্ষমতাও থাকতে হবে। এ ছাড়া আল-হাইআতুল উলয়া আয়োজিত কর্মশালা ও মতবিনিময় সভায় অংশগ্রহণে সম্মত হতে হবে।
মুমতাহিন পদে আবেদনের জন্য দাওরায়ে হাদিস (তাকমীল) শ্রেণির বর্তমান শিক্ষক হওয়া এবং দাওরায়ে হাদিসের কোনো কিতাব পাঠদানে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এ ছাড়া দাওরায়ে হাদিস অথবা ফযিলত স্তরের কেন্দ্রীয় পরীক্ষায় গুরুত্বপূর্ণ কিতাবের উত্তরপত্র কমপক্ষে দুই বছর মূল্যায়নের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট কিতাব ও বিষয়ে উচ্চমানের দক্ষতা এবং গভীর অনুধাবনের পাশাপাশি আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটি নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে উত্তরপত্র মূল্যায়নের প্রস্তুতিও থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্ভাব্য ৪ ফেব্রুয়ারি ২০২৭ থেকে উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে। এ কার্যক্রম প্রায় ১০ থেকে ১২ দিন চলতে পারে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে। প্রত্যেক মুমতাহিনকে সাধারণত ৩০০ থেকে ৪০০টি উত্তরপত্র দেওয়া হতে পারে; তবে পরিস্থিতি অনুযায়ী এ সংখ্যা কমবেশি হবে। বোর্ডের পরীক্ষক হলে উত্তরপত্রের সংখ্যা তুলনামূলক কম হতে পারে।
মুমতাহিনদের নিজ নিজ কিতাবের নমুনা উত্তরপত্র তৈরি করে মূল্যায়নকেন্দ্রে নিয়ে যেতে হবে। প্রতিদিনের মূল্যায়ন শেষে সংশ্লিষ্ট দিনের নম্বর সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। শেষ দিনে সফটওয়্যারে সংরক্ষিত নম্বরের প্রিন্ট নিয়ে উত্তরপত্রে লেখা মোট নম্বরের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। কোনো অসংগতি পাওয়া গেলে তা সংশোধন করে নম্বরের ক্রমানুসারে উত্তরপত্র সাজাতে হবে।
আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট আবেদন ফরম ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এরপর মুহতামিম অথবা নাজিমে তা‘লীমাতের স্বাক্ষর ও সিলসহ নিজ নিজ মাদরাসা এডমিনের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রে ব্যক্তিগত, শিক্ষাগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে। নেগরান ও মুমতাহিন পদের ক্ষেত্রে পূর্ববর্তী বছরের মুমতাহিন আইডি থাকলে তা-ও উল্লেখ করতে হবে। আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি এবং সম্পূর্ণ পূরণ করা আবেদন ফরমের স্পষ্ট স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।
নেগরান পদের আবেদন ফরম পাওয়া যাবে https://shorturl.at/ttqHv ঠিকানায়। মুমতাহিন পদের আবেদন ফরম পাওয়া যাবে https://shorturl.at/pzib6 ঠিকানায়। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১ নভেম্বর ২০২৬, রবিবার, ২০ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি।
আবেদনকারীদের মধ্য থেকে প্রয়োজনীয়সংখ্যক যোগ্য নেগরান ও মুমতাহিন বাছাই করে নিয়োগ দেওয়া হবে। বাকি আবেদনকারীদের অপেক্ষমাণ তালিকায় রাখা হতে পারে। মনোনীত কেউ পরীক্ষার আগে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে প্রয়োজন অনুযায়ী অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হতে পারে।
দাওরায়ে হাদিস পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাদরাসা কর্তৃপক্ষ ও মুহতামিমদের সার্বিক সহযোগিতা কামনা করেছে আল-হাইআতুল উলয়া।
চেয়ারম্যানের আদেশক্রমে বিজ্ঞপ্তিটি জারি করেছেন প্রতিষ্ঠানটির অফিস ব্যবস্থাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মুঃ অছিউর রহমান।
