গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় অভিযুক্ত মাদরাসাশিক্ষক মো. মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওমর হায়দার উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। অভিযুক্ত মোসলেহ উদ্দিন টঙ্গীর মধ্য আউচপাড়ায় অবস্থিত ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার উপাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন।
আদালতের আদেশ প্রসঙ্গে বাদীপক্ষের আইনজীবী মহিউদ্দিন জানান, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বক্তব্য শ্রবণ এবং ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় আদালতে দেওয়া ভুক্তভোগী শিশুর জবানবন্দি পর্যালোচনা করে আদালত এই জামিন নামঞ্জুরের আদেশ দিয়েছেন। তবে আদালতের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী শরিফুল আলম দাবি করেন, তাঁর মক্কেল সম্পূর্ণ নির্দোষ এবং আগামীতে আইনি লড়াইয়ের মাধ্যমেই তারা বিষয়টি প্রমাণ করবেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর মাদরাসার প্রথম শ্রেণির ওই শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন উপাধ্যক্ষ মোসলেহ উদ্দিন। একই সঙ্গে ঘটনাটি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতিও দেখানো হয়। পরে শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের কাছে ঘটনাটি প্রকাশ করলে পরদিন ২১ অক্টোবর সকালে তার বাবা জালাল উদ্দিন রুমী মাদরাসায় গিয়ে ওই শিক্ষকের কাছে ঘটনার জবাব চান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা মাদরাসায় জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে মারধর করেন। ওই সময় ক্ষুব্ধ বাবার শিক্ষককে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়।
ঘটনার পরপরই শিশুটির বাবা বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় শিক্ষক মোসলেহ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে গত ২২ অক্টোবর আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, প্রাথমিক তদন্তে শিশুটির ওপর নিপীড়নের সত্যতা পাওয়া গেছে এবং বিজ্ঞ আদালতে ভুক্তভোগী শিশুর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ওই শিক্ষকের ওপর হামলা, মাদরাসায় ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ এনে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও থানায় একটি পাল্টা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
