ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর ওই গ্রামের একটি জমিতে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় একই গ্রামের জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুন জমি থেকে ঘাস কাটায় আলমগীরকে মারধর করে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকলে সন্ধ্যায় স্থানীয় সর্দাররা বিষয়টি মীমাংসার জন্য বসে। এ সময় তর্ক বিতর্কের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাইল- নাসিরনগর আঞ্চলিক সড়কের উপর সংঘর্ষে জড়িয়ে পড়ে।
রাতের আধাঁরে টর্চ লাইটের আলোতে চলা সংঘর্ষে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপের ফলে পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সরাইল- আশুগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট সংবাদ: সংঘর্ষ
১২ অক্টোবর ২০২৬
২৭ সেপ্টেম্বর ২০২৬
১৬ সেপ্টেম্বর ২০২৬
