প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে পৌঁছেছে বাংলাদেশের ফুটবল ক্লাব ফর্টিজ এফসি।
মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্থানীয় সময় দুপুরে কুয়েতে পৌঁছায় দলটি। আগামী ১৭ অক্টোবর রাতে স্বাগতিক কুয়েতের আল কাদসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফর্টিজের ঐতিহাসিক এই অভিযান।
গ্রুপ পর্বে বাংলাদেশের ক্লাবটির অন্য দুই প্রতিপক্ষ ভারতের এফসি গোয়া এবং তাজিকিস্তানের এফসি রেগার তাদাজ। কুয়েতের হাওয়াল্লিতে অবস্থিত মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এদিকে প্রথমবারের মতো এশিয়ার এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ফর্টিজকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে কুয়েতপ্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াকু ফুটবল উপহার দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ফুটবলের সক্ষমতা তুলে ধরবে ফর্টিজ– এমনটাই প্রত্যাশা তাদের। প্রবাসের মাটিতে দেশের ক্লাবকে সমর্থন জানাতে মাঠে উপস্থিত থাকারও আশা করছেন কুয়েতের বাংলাদেশি ক্রীড়াপ্রেমীরা।
গ্রুপ পর্বের ম্যাচ শেষে আগামী ২৪ অক্টোবর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে ফর্টিজ এফসির। এশিয়ার ফুটবল মঞ্চে প্রথম অভিযান কতটা স্মরণীয় করে রাখতে পারে বাংলাদেশের ফর্টিজ, এখন সেটিই দেখার অপেক্ষা।
বিআরইউ
