The Sangbad · রাজনীতি
দলের সঙ্গে মুনাফেকি করলে প্রধানমন্ত্রী ক্ষমা করবেন না : আইনমন্ত্রী
২০/১০/২০২৬

“সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পেছনে কাজ করতে হবে। এই পথে কেউ অন্তরায় হয়ে দাঁড়ালে সে দল থেকে ছিটকে পড়বে। দলের মধ্য থেকে যারা মুনাফেকি করবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের ক্ষমা করবেন না।”মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “প্রত্যেকটি ইউনিয়নের একটি করে গোপনীয় বা বিস্তারিত রিপোর্ট প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। ফলে দল চাচ্ছে উইনিং ক্যান্ডিডেট বা বিজয়ী প্রার্থী। আমার দল যদি না জেতে, তবে আমার মতো বড় নেতা দিয়ে কী হবে? আজ বিএনপি যদি ক্ষমতায় না আসত, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, তাতে কিছুই যেত-আসত না।”তিনি আরও বলেন, “ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমন প্রার্থী দিতে হবে, যারা বিজয়ী হয়ে আসবেন। আপনার পছন্দের প্রার্থী দিলেন, কিন্তু তিনি যদি না জেতেন, তবে হবে না। দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। কিন্তু আমি যদি দেখি, কেউ দলের সঙ্গে বেইমানি করছেন বা দলের ঊর্ধ্বে উঠে বিকল্প কিছু করছেন, তাহলে তাকে ধরার অধিকার আমারও আছে।”দলীয় শৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে কড়া বার্তা দিয়ে মন্ত্রী বলেন, “আমরা বলেছিলাম, চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি বন্ধ করতে হবে। শৈলকুপায় এখন এগুলো নেই। একটু চিন্তা করে দেখবেন, আপনারা যেটা শুরু করেছিলেন, এখন সারা বাংলাদেশ সেটাই অনুসরণ করছে।”উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗