প্রকাশিত: ১৫:৪৮, ১৮ অক্টোবর ২০২৬
শেয়ারবাজার থেকে বুক-বিল্ডিং পদ্ধতিতে ৪০০ কোটি টাকা তুলবে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি। এ লক্ষ্যে শেয়ার বিক্রির প্রস্তাব তুলে ধরতে রাজধানীর একটি হোটেলে রবিবার (১৮ অক্টোবর) রোড শো আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
এই শোতে মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, স্টক ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও অন্যান্য যৌথ বিনিয়োগ স্কিম এবং নিবন্ধিত সিকিউরিটি কাস্টডিয়ানের কাছে হিসাব থাকা অনাবাসী বিনিয়োগকারীরা অংশ নেবেন।
শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে দুটি বিদ্যুৎকেন্দ্রের জমি ক্রয় ও অবকাঠামো নির্মাণে ব্যয় হবে শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থের ৮৩ শতাংশ। বাকি ১৫ শতাংশ ঋণ পরিশোধে এবং ২ শতাংশ আইপিও-সংশ্লিষ্ট খাতে ব্যয় হবে।
বর্তমানে ৩৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে কনফিডেন্স পাওয়ারের। এর মধ্যে ৩৩৯ মেগাওয়াট উত্তরবঙ্গে। এর বাইরে চট্টগ্রামে ৫৪ মেগাওয়াট সক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র আছে কনফিডেন্স পাওয়ারের।
দেশের চলমান জ্বালানি সংকটের সমাধান হিসেবে সৌর বিদ্যুৎ খাতে বিনিয়োগে সম্ভাবনা রয়েছে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
