পিরোজপুরের নেছারাবাদে পূজা দেখে পরিবারের সঙ্গে বাড়ি ফেরার পথে খেয়া ট্রলারডুবির ঘটনায় অর্পিতা বেপারী নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন ওই শিশুর মা রিনা ব্যাপারী (৩৮)। বাবা শংকর ব্যাপারী সাঁতরে তীরে উঠতে পারলেও স্ত্রী ও মেয়েকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন। এ ঘটনায় ট্রলারে থাকা ছয়টি মোটরসাইকেলও নদীতে ডুবে গেছে।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি খেয়াঘাট এলাকায় কালীগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাজিরপুর থেকে ৫০ জনেরও বেশি যাত্রী এবং ছয়টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি ভরতকাঠী ফেরিঘাটের উদ্দেশে রওনা হয়। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বোঝা ওঠানোর কারণে ট্রলারটি ঘাট থেকে ছাড়ার পরপরই নদীতে তলিয়ে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে পারলেও রিনা বেপারী ও তার মেয়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। রাত ১১টা ১০ মিনিটের দিকে অর্পিতাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ মা ও মেয়ের মধ্যে মেয়েটিকে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিরোজপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক রায়হানুর আশরাফ বলেন, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ মা ও মেয়ের মধ্যে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা বলেন, রাত ৯টার দিকে অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রলারের এক পাশ কাত হয়ে যাত্রীরা নদীতে পড়ে যান। অন্য যাত্রীরা তীরে উঠতে পারলেও মা ও মেয়ে উঠতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় মেয়েটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিখোঁজ মাকে উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় কারও অবহেলা থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া রাত ১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। পরে অভিযান স্থগিত করা হয়। মঙ্গলবার ভোর ৬টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়।
