ইসরায়েলে ২৭ অক্টোবর পার্লামেন্ট নির্বাচনে ভোট হতে যাচ্ছে। জনমত জরিপগুলোয় বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হওয়ার আভাস পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর প্রতি সরাসরি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে মিত্র হিসেবে পাশে থাকার জন্য নেতানিয়াহুর প্রশংসা করেন।
ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহুকে তিনি তাঁর ‘পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ সমর্থন’ দিচ্ছেন।
ট্রাম্প লেখেন, ‘বিবি নেতানিয়াহু আপনাদের কখনো হতাশ করবেন না!’
ইসরায়েলে ভোটের মাত্র নয় দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই সমর্থন নিশ্চিতভাবেই নেতানিয়াহুর পক্ষে যাবে। কারণ, এবার এমন জল্পনাও ছিল, শেষ পর্যন্ত ট্রাম্প হয়তো নেতানিয়াহুকে সমর্থন না–ও দিতে পারেন।
২০২৫ সালের জানুয়ারি থেকে দুই নেতা ছয়বারের বেশি বৈঠক করেছেন। যদিও এ সময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধসহ বিভিন্ন সংঘাত নিয়ে তাঁদের মধ্যে মতবিরোধের খবরও এসেছে।
চলতি মাসের শুরুতে টাইম সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি নেতার দায়িত্ব পালনের বিষয়ে বারবার জানতে চাওয়া হলেও ট্রাম্প তখন নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
সাক্ষাৎকার গ্রহণকারী এ বিষয়ে বারবার জানতে চাইলেও ট্রাম্প বিষয়টি এড়িয়ে যান। এর পরিবর্তে তিনি নিজের জনপ্রিয়তা বা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির দিকে আলোচনার মোড় ঘুরিয়ে দেন।
২০২৫ সালের জানুয়ারি থেকে দুই নেতা ছয়বারের বেশি বৈঠক করেছেন। যদিও এ সময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধসহ বিভিন্ন সংঘাত নিয়ে তাঁদের মধ্যে মতবিরোধের খবরও এসেছে।
গত জুনে ট্রাম্প স্বীকার করেছিলেন, লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে হতাশা প্রকাশ করে এক ফোনালাপে তিনি নেতানিয়াহুকে ‘বদ্ধ পাগল’ বলেছিলেন।
