অপেক্ষার অবসান হল। বলিউডের পরিচালক নীতেশ তিওয়ারী পরিচালিত ‘রামায়ণ’ সিনেমার প্রথম পর্বের মুক্তির দিন ঘিরে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে দিনক্ষণ ঘোষণা করলেন নির্মাতারা।
সিনেমাটি দেখার জন্য কবে থেকে অগ্রিম টিকেট বুক করা যাবে তাও জানিয়েছেন তারা।
আগামী ৫ নভেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রামায়ণ’। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রকাশ্যে এসেছে সিনেমার নতুন পোস্টার। তাতে একসঙ্গে আছেন রাণবীর কাপুর, সাই পল্লবী, রবি দুবে এবং যশ। সিনেমার অগ্রিম টিকেট বুকিং শুরু হবে বিজয়া দশমীর দিন থেকে।
সিনেমার প্রচারের সূচনা করে নির্মাতারা জানিয়েছেন, এবার শুরু হতে চলেছে রামের যুগ।
নীতেশ তিওয়ারী ইনস্টাগ্রামে বলেন, “নতুন এক যুগের সূচনাকে উদ্যাপন করছি আমরা। ৫ নভেম্বর থেকে বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নমিত মলহোত্রের ‘রামায়ণ’-এর প্রথম পর্ব।”
নীতেশ তিওয়ারীর পরিচালনায় দুই পর্বে তৈরি হচ্ছে ‘রামায়ণ’। মহাকাব্য অবলম্বনে তৈরি এই সিনেমায় উঠে আসবে রামের বনবাস, রাবণের সীতাহরণ এবং তার পর রাম ও রাবণের বাহিনীর মধ্যে যুদ্ধের কাহিনী।
গেল এপ্রিলে আসে এই সিনেমার টিজার। নিতেশ তিওয়ারির বহুদিনের পরিকল্পনার ফসল ‘রামায়ণ’। টিজার প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, এই পর্যায়ে পৌঁছাতে তার সাত বছর সময় লেগেছে।
তিওয়ারি বলেন, “এই যাত্রা খুবই অনিশ্চিত ও একাকী। কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, অপেক্ষাটা সার্থক হয়েছে।”
এর আগে লস অ্যাঞ্জেলসে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে রাণবীর কাপুর বলেছিলেন, “আমি ‘রাম’কে প্রতিনিধিত্ব করতে আসিনি, বরং তার কাছ থেকে শেখার জন্য এসেছি। তার সরলতা ও পবিত্রতা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।”
পরিচালকেরও ভাষ্য ‘রামের যাত্রা ভীষণ মানবিক’ তারা সেই দিকটিই তুলে ধরতে চেয়েছেন।
সিনেমায় বলিউড ও দক্ষিণের জনপ্রিয় তারকাদের সমাবেশ ঘটেছে। সাই পল্লবী—‘সীতা’, সানি দেওল ‘হনুমান’, যশ ‘রাবণ’, রবি দুবে ‘লক্ষ্মণ’।
প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যয়বহুল প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
অযোধ্যা ও লঙ্কার বিশাল সেট নির্মাণের পাশাপাশি উন্নত প্রযুক্তি ও দৃশ্যপ্রযুক্তির ব্যবহার করা হয়েছে।
সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার এবং এআর রহমান। দুই সুরকারের এই যুগলবন্দি ঘিরেও তৈরি হয়েছে আগ্রহ।
হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় এবং মলয়ালম ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি। ‘রামায়ণ’ এর দ্বিতীয় পর্বের মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।
