নওগাঁর বদলগাছীতে গভীর রাতে জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে এক বৃদ্ধার স্বর্ণালংকার ও মুঠোফোন চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি যাওয়া স্বর্ণালংকারের পরিমাণ প্রায় ১ ভরি ৬ আনা। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের কোমাড়পুর সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নিলুফা আক্তার ওই গ্রামের মৃত আব্দুল সামাদের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে প্রতিদিনের মতো খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন নিলুফা আক্তার। রাত সাড়ে ৩টার দিকে ঘুম ভাঙলে ঘরের আসবাবপত্র ও জামাকাপড় এলোমেলো দেখতে পান তিনি। পরে জানালার লোহার অংশ (গ্রিল) ও কাঠের পাল্লা ভাঙা দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন। আলমারিতে রাখা স্বর্ণালংকার ও আলমারির ওপর থাকা একটি নোকিয়া বাটন মুঠোফোন খুঁজে পাননি তিনি।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে একটি সোনার চেন, এক জোড়া হাতের বালা, একটি আংটি, দুইটি কানের দুল ও একটি নোকিয়া বাটন মুঠোফোন। স্বর্ণালংকারের পরিমাণ প্রায় ১ ভরি ৬ আনা বলে জানিয়েছেন ভুক্তভোগী।
নিলুফা আক্তার বলেন, ঘুম থেকে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পান তিনি। পরে জানালা ভাঙা দেখে সন্দেহ হয়। আলমারিতে রাখা স্বর্ণালংকার ও মুঠোফোন খুঁজে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। তবে চুরির সঙ্গে জড়িত কাউকে তিনি দেখতে পারেননি।
স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খলিলুর রহমান বলেন, চুরির খবর পেয়ে গভীর রাতে তিনি নিলুফা আক্তারের বাড়িতে যান। ঘরে ঢুকে আলমারির পাল্লা ভাঙা এবং জামাকাপড় এলোমেলো অবস্থায় দেখতে পান। চোরেরা কয়েক লাখ টাকার স্বর্ণালংকার ও মালামাল নিয়ে গেছে বলে জানান তিনি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রায় ১ ভরি ৬ আনা স্বর্ণালংকার চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
