কালবেলা · সাধারণ
লিডিং ইউনিভার্সিটির পরিবহন ব্যবস্থা আরও আধুনিক হচ্ছে: রাগীব আলী
১১/১০/২০২৬

শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা সম্প্রসারণের পাশাপাশি আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।
রোববার (১১ অক্টোবর) দুপুরে লিডিং ইউনিভার্সিটির পরিবহন বহরে যুক্ত হওয়া নতুন তিনটি বাস উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
ড. সৈয়দ রাগীব আলী বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে লিডিং ইউনিভার্সিটি বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবারের মতো এবারও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বড় আকারের নতুন তিনটি বাসের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা ক্রমান্বয়ে সম্প্রসারণ ও আধুনিক করা হচ্ছে। নতুন বাসগুলো শিক্ষার্থীদের চলাচল আরও সহজ করবে।
এ সময় বাসগুলোর যথাযথ যত্ন ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে চালক এবং পরিবহন দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন।
বাস উদ্বোধনী অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, তিনটি নতুন বাস পরিবহন বহরে যুক্ত হওয়ায় এটি অত্যন্ত আনন্দের দিন। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধিতে নতুন বাসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং বাস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ভূইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ও পরিবহন দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. কবির আহমেদ।
এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কর্মী ও চালকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন তিনটি বাস যুক্ত হওয়ায় লিডিং ইউনিভার্সিটির নিজস্ব বাসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪টিতে।
মূল প্রতিবেদনে যান ↗