বিনোদন প্রতিবেদক, ঢাকা

গত বছর অক্টোবরে বিশ্ব স্তন ক্যানসার দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছিল অতসীর একক গান ‘অল্প একটু জীবনের গান’। গানের ভিডিওতে মডেল হয়েছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এক বছর পর নতুন গান নিয়ে আসছেন অতসী। গানের শিরোনাম ‘অংক না জানার গান’। এবার ভিডিওতে পারফর্ম করেছেন এ বছর একুশে পদক পাওয়া নৃত্যশিল্পী অর্থী আহমেদ।
নতুন এই গানের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে অর্থী আহমেদ বলেন, ‘অতসীর আগের গানটি আমার খুব ভালো লেগেছে। আমাকে যখন নতুন গানটি পাঠাল, তখন আর না বলতে পারিনি। আমার বিশ্বাস, অতসীর এই গানও সবার ভালো লাগবে।’
ভিডিওতে পারফর্ম করার অভিজ্ঞতা জানিয়ে অর্থী বলেন, ‘গানে নাচের অংশটা কম। অনেকটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপন মনে যা ভালো লেগেছে তা-ই করেছি। ওইভাবে প্রস্তুতি নিয়ে নাচ করার চাইতে গান শুনে অনুভবের চেষ্টা করেছি। সব মিলিয়ে এতে কাজ করার অভিজ্ঞতা একেবারে অন্য রকম। আমরা মঞ্চে যখন কাজ করি, অনেক এক্সপ্রেশন দিই। এখানে পরিচালকের ডিমান্ড ছিল খুব কম এক্সপ্রেশন। সেটা ব্যালেন্স করতে গিয়ে কিছুটা হিমশিম খেতে হয়েছে। কিন্তু পুরো টিম ছিল চমৎকার, তাই গল্প করতে করতে কখন কাজ শেষ হয়েছে বুঝতে পারিনি।’
অর্থী জানান, এবারই প্রথম নয়, এর আগেও একাধিক গানের ভিডিওতে পারফর্ম করেছেন তিনি। গানের সঙ্গে মিল রেখে সুন্দর গল্প পেলে গুরুত্ব দেন। তবে মিউজিক ভিডিও নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই তাঁর। অর্থীর সব পরিকল্পনা নাচকে কেন্দ্র করে। এর বাইরে কোনো মাধ্যমে নিয়মিত হওয়ার ইচ্ছা নেই তাঁর।
অংক না জানার গানের কথা ও সুর করেছেন উদয়ন রাজীব। সংগীত আয়োজনের পাশাপাশি মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন সংগীতশিল্পী অটমনাল মুন। অতসী জানান, গানের কথায় উঠে এসেছে সদ্য প্রেমে পড়া এক মানুষের মুগ্ধতা, একাকিত্ব ও আবেগের গল্প। প্রিয় মানুষকে ঘিরে তার ভাবনা, শহরের শূন্য পথে একা হাঁটা এবং প্রকৃতির সঙ্গে নিজের অনুভূতিকে মিলিয়ে দেখার মধ্য দিয়ে এগিয়েছে গানের কথা। কখনো নিজেকে একলা গাছের সঙ্গে তুলনা করেছেন গীতিকার, আবার কখনো পাঁজরের বুলবুলির উড়ে যাওয়ার চিত্রকল্পে তুলে ধরেছেন মনের অস্থিরতা।
অতসী আরও জানান, প্রেমের অনুভূতি এখানে সরাসরি প্রকাশের চেয়ে বেশি ধরা দিয়েছে কবিতার মতো নানা রূপকে। অংক না জানার গান মূলত সেই অনুভূতির ইঙ্গিত দেয় যে ভালোবাসার হিসাব মেলানো যায় না, যার আবেগকে সহজ কোনো সমীকরণে বাঁধা যায় না।
২৪ অক্টোবর গানটি অতসীর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। পাশাপাশি শোনা যাবে, স্পটিফাই, আইটিউনস-সহ দেশের ও বিদেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।

