অনুমতি ছাড়া দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদস্থলে প্রবেশের অভিযোগে তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে অজিঙ্ক্য শিন্ডেকে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করার পর মুক্তি দেয়া হয়। মঙ্গলবার সকালে যন্তর মন্তরের গেট টপকে ভিতরে প্রবেশ করেছিলেন সিজেপি-র তিন নেতা ও তাদের কয়েকজন অনুগামী। সেইসময় তাদের হাতে ছিল জাতীয় পতাকা। পুলিশ তাদের সঙ্গে সঙ্গে আটক করে নিয়ে গিয়েছিল।
দিল্লি পুলিশ ওই তিনজনের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, নিষেধাজ্ঞা অমান্য, শান্তিচুক্তি ভঙ্গ এবং একজন সরকারি কর্মচারীকে তার দাপ্তরিক দায়িত্ব পালনে বাধা দেয়ার মতো অভিযোগে একটি মামলা দায়ের করেছে। বুধবার তিনজনকে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) অনিয়ম এবং যন্তর মন্তরকে নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেয়ার প্রতিবাদের মধ্যেই, এই আটকের ঘটনায় সিজেপি তাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য একটি বৈঠক করতে চলেছেন বলে জানা গিয়েছে।
দলটির আইনি টিম অবৈধ আটক এবং আইনজীবীদের সঙ্গে দেখা করতে না দেয়ার অভিযোগ করেছে।
